কানাডায় চলছে নববর্ষ উৎসব

 
টানা তিন দিন ছুটি থাকায় এবার কানাডায় বাংলা নববর্ষ নতুন মাত্রা পেয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিভিন্ন সংগঠন পহেলা বৈশাখী উৎসব আয়োজন করেছে।
যেমন, টরন্টোতে প্রত্যয় সাংস্কৃতিক সোসাইটি আজ ১৫ এপ্রিল বাংলা নতুন বছরকে বরণ করতে যাচ্ছে রয়েল কানাডিয়ান লিজিয়ন হলে। 
 
এ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন চলবে। এতে বাংলাদেশি সংস্কৃতি, রকমারি দেশীয় খাবার, মেলা, নাচ, গানের ব্যবস্থা রয়েছে।
 
আজ টরন্টোর ইটোবিককে সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে তাদের অনুষ্ঠান। এতে চিরায়ত বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে।
 
বাংলা নববর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটি সার্ভিস (বিসিএস)। আজ শনিবার ড্যানফোর্থের এক্সেস পয়েন্টে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এই আয়োজন।
 
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ‘ইয়াং বাংলাদেশি টরন্টোরিয়ান’-এর উদ্যোগে ১৪ ও ১৫ এপ্রিল দুই দিনব্যাপী টরন্টোয় নানা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
 
এছাড়াও ৩ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করছে ‘ওসাক’ নামে একটি সংগঠন। ১৪, ১৫, ১৬ এপ্রিল টেড রিভ হকি স্টেডিয়ামে। এই মেলায় গান গাইবেন সঙ্গীত শিল্পী বাদশা বুলবুল, ফোক গায়ক রথীন্দ্রনাথ রায়ের মেয়ে চন্দ্রা রায়, সৈয়দ আব্দুল হাদির মেয়ে তনিমা হাদি, লিজা, ঊর্মি, টিটু, দনিসহ আরও অনেকে।
 
ইত্তেফাক/কাউছার