বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাশিয়ার মস্কোতে বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ ১৪২৪ বরণ করা হয়েছে। বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের (আরবিসিসিআই) এ উৎসবের আয়োজন করে।
১৪ এপ্রিল মস্কোর টক অব দ্য টাউন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও তাদের পরিবার-পরিজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিদের নববর্ষের শুভেচ্ছা জানান আরবিসিসিআইয়ের সভাপতি তমাল পারভেজ। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। বাঙালির এই সাংস্কৃতিক ঐতিহ্য সমুন্নত রাখতে আর প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতির পরিচিতি তুলে ধরতে আমরা বাংলা নববর্ষ উদ্যাপন করে থাকি। নতুন বছরে রাশিয়া-বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় ও ব্যবসায়ী সম্পর্ক নতুন দিগন্তে পৌঁছাবে। তিনি আরবিসিসিআইয়ের সদস্য ও তাদের পরিবারের সবার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
IMG0
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আরজু, ফিরোজ-উল-আলম খান, প্রতিষ্ঠাতা সদস্য ডা. মোতালিব পাটওয়ারী, রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি ড. ইফতেখার আহম্মদ ও বাংলাদেশ পরিষদ রাশিয়ার সভাপতি মোহম্মদ মোহসিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সব শিশু ও নারীকে আরবিসিসিআইয়ের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বাড়তি আনন্দ জোগাতে ছিল কুইজ ও লটারি। একক সংগীত পরিবেশন করেন মস্কোর বাঙালি কমিউনিটির প্রিয় মুখ বিশ্বরূপ সান্যাল।
উল্লেখ্য, আরবিসিসিআই ব্যবসায়ী সংগঠন হলেও রাশিয়ায় বাংলাদেশি সংস্কৃতির প্রচার ও প্রসারে বরাবরই কাজ করে থাকে। এর আগে সংগঠনটি মস্কোতে কয়েকবার বাংলাদেশ উৎসবের আয়োজন করেছিল।
ইত্তেফাক/ইউবি