ইতালির বাংলাদেশি অধ্যুষিত পিয়াচ্ছা ভিত্তরিও এলাকার একটি হোটেলে সাংবাদিক সম্মেলন এবং গ্রাহক সমাবেশের আয়োজন করেছে জনতা এক্সচেঞ্জ কোম্পানী। গত বৃহস্পতিবার (২৮ মার্চ) ওই এলাকার ফুডস অব রমা এন্ড ইন্ডিয়া হোটেলে এই সংবাদ সম্মেলন ও গ্রাহক সমাবেশ আয়োজন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মো. আলী হোসেন এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, বিশেষ অতিথি ছিলেন জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালির চেয়ারম্যান এবং জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এর সিইও এন্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ, এফএফ এবং বাংলাদেশ দূতাবাসের ইকনমিক কাউন্সেলর জনাব মানস মিত্র।
ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. আলী হোসেন এর স্বাগতিক বক্তব্যের পর প্রতিষ্ঠানটির ডিরেক্টর এবং বাংলাদেশ দূতাবাসের ইকনমিক কাউন্সেলর জনাব মানস মিত্র কোম্পানির সার্বিক চিত্র এবং ২০১৮ সালে কোম্পানির অর্জনসমূহের ওপর বিস্তারিত আলোকপাত করেন। বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রাজস্ব আয় বৃদ্ধি, ইতালির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং ২০১২ সালের পর প্রথমবারের মতো কোম্পানীর ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তিনি জনতা এক্সচেঞ্জ কোম্পানির প্রতিযোগিতামূলক বিনিময় হার উল্লেখ করে আগত গ্রাহক ও শুভানুধ্যায়ীগণকে প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ প্রেরণের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ কোম্পানীর মাধ্যমে অর্থ প্রেরণ অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রতিষ্ঠানটির রেমিট্যান্স বৃদ্ধিকল্পে প্রচার প্রচরণায় অধিক মনোনিবেশ করার প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির মাত্র দুইটি শাখা রোম ও মিলানের উপর নির্ভরশীল না থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পরামর্শ দেন। প্রবাসী বাংলাদেশিদেরকে তাদের কষ্টার্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা বৈধ চ্যানেলে দেশে পাঠানের জন্য অনুরোধ করেন তিনি। পরে বিশেষ অতিথি কোম্পানির চেয়ারম্যান এবং জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এর সিইও ও এমডি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নিজ বক্তব্যে তিনি জনতা এক্সচেঞ্জ কোম্পানি এবং জনতা ব্যাংক লিমিটেডের ব্যবসা পরিধি, আর্থিক কাঠামো, ঋণপ্রবাহ ইত্যাদিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন। মো. আব্দুছ ছালাম আজাদ নিজের কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বিষয়টি উপস্থাপন করলে উপস্থিত সকলে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার সঠিক ও উপযুক্ত নেতৃত্বের প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ পর্ষায়ে উপস্থিত সকলে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন এবং সার্বিক আয়োজনের প্রশংসা করেন।
আরও পড়ুন: কালিহাতীতে পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
উল্লেখ্য, প্রায় তিন লক্ষ বাংলাদেশি আছেন ইতালিতে। বৈধ পথে ইতালি থেকে বাংলাদেশে ২০১৬-১৭ অর্থবছরে ৫১০.৪৪ মিলিয়ন ইউএস ডলার, ২০১৭-১৮ অর্থবছরে ৬৬২.২২ মিলিয়ন ইউএস ডলার এবং চলতি অর্থবছরে (জুলাই‘১৮ - ফেব্রুয়ারী‘১৯ পর্যন্ত) ৫১০.৪৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠানো হয় বাংলাদেশে। রেমিট্যান্স প্রেরণের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ইতালি নবম অবস্থানে রয়েছে।
ইত্তেফাক/ জেডএইচডি