স্পোর্টস রিপোর্টার
সাগরিকার স্পিন স্বর্গেও বাংলাদেশের প্রথম ইনিংসে ৭০ রানে চার উইকেট তুলে নিয়েছিলেন শ্যানন গ্যাব্রিয়েল। বাংলাদেশের প্রথম ইনিংস অল্প রানে আটকে ফেলার পেছনে ক্যারিবিয়ান এই ফাস্ট বোলারের অবদানই বেশি। চট্টগ্রামে বল হাতে গতির ঝড় তোলা এই পেসারকে ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে পাবে না ওয়েস্ট ইন্ডিজ। এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন গ্যাব্রিয়েল।
বাংলাদেশের প্রথম ইনিংসে ইমরুল কায়েসের শরীরে দুবার আঘাত করেন তিনি। ইনিংসের অষ্টম ওভারে সিঙ্গেল নিতে দৌড়ানো ইমরুলের কাঁধে ধাক্কা দেন গ্যাব্রিয়েল। সঙ্গে সঙ্গেই আম্পায়ার আলীম দার সতর্ক করেছিলেন এই ক্যারিবিয়ান পেসারকে। নিজের পরের ওভারে আবারও ইচ্ছাকৃতভাবে ইমরুলের কাঁধে ধাক্কা দেন তিনি। তখন দুজনের মধ্যে কথা বিনিময়ও হয়েছিল। এই কাণ্ডের জন্য গ্যাব্রিয়েলকে দুই ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি’র ৩০ ভাগ জরিমানা করেছে আইসিসি। এর আগে ২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের বিরুদ্ধে সরফরাজ আহমেদকে ধাক্কা দিয়ে তিন ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ডানহাতি এই পেসার।
আইসিসির নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞায় পড়তে হবে অভিযুক্ত খেলোয়াড়কে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, চট্টগ্রামে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে অপরাধ স্বীকার করেছেন গ্যাব্রিয়েল। তাই আনুষ্ঠানিক শুনানীর প্রয়োজন হয়নি।