মুজিবনগর সরকারের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার আহ্বান

১৯৭১ সালের মুজিবনগরে গঠিত প্রথম বাংলাদেশ সরকারের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। সোমবার ব্যাংককে থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইচটি ইমাম বলেন, মুজিবনগরে বাংলাদেশের মাটিতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ নেয়া প্রথম বাংলাদেশ সরকার ‘প্রবাসী সরকার’ কিংবা ‘অস্থায়ী সরকার’ ছিল না। বরং এটি ছিল আইনসম্মতভাবে গঠিত প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেটি সফলতার সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এবং যুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন নিয়ে এসেছে। থাইল্যান্ডের রাষ্ট্রদূত ও জাতিসংঘের এশীয় অর্থনৈতিক ও সামাজিক সংস্থার স্থায়ী প্রতিনিধি সাঈদা তাসনিম মুনার সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা।
 
IMG0
 
অনুষ্ঠানে ১০ এপ্রিল ১৯৭১ থেকে মার্চ ১৯৭৩ পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করা মুজিবনগর সরকার সম্পর্কে সঠিক ইতিহাস পাঠ্যবই ও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার আহ্বান জানানো হয়। রাষ্ট্রদূত সাঈদা তাসনিম মুনা তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার কথা স্মরণ করেন যারা মুক্তিযুদ্ধের সময় সফলভাবে সরকার পরিচালনা করেছিলেন। অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বক্তব্য পাঠ করে শোনান।- প্রেস রিলিজ।
 
ইত্তেফাক/সাব্বির