স্পোর্টস ডেস্ক
টটেনহ্যাম ও চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে ম্যানচেস্টার সিটির সাথে পাল্লা দিতে আজ পরস্পর মুখোমুখি হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়নদের সাথে লন্ডন শহরের দল দুটির ব্যবধানও খুব বেশি নয়।
কোচ মরিচিও পচেত্তিনোর টটেনহ্যাম আজ নিজ মাঠে সাফল্যের জন্য স্ট্রাইকার হ্যারি কেইনের উপর অনেকখানি নির্ভর করবে। কেইন গত সপ্তাহে ওয়েম্বলিতে পিছিয়ে পড়া ইংল্যান্ড দলকে শেষ মুহূর্তের নাটকীয় জয় পেতে সাহায্য করেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে উয়েফা ন্যাশন্স লিগের খেলাটিতে জয়সূচক গোলটি করেছিলেন কেইন।
ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট জয়টির পর বলেছিলেন, ‘সেই হলো বিশ্বের সেরা গোলদাতা। তার ধরে খেলা, এমনকি তার করা গোল, সবকিছুই গুরুত্বপূর্ণ। সে দলকে আরো এগিয়ে নেয়ার জন্য ক্ষুধার্ত থাকে।’ ইংল্যান্ড তার নৈপুণ্যে উপকৃত হলেও টটেনহ্যাম বিশ্বকাপের পর সেরকম সুবিধা পায়নি।
বিশ্বকাপে টটেনহ্যামের যে ১২ জন খেলোয়াড় অংশ নেন তার মধ্যে কেইনকে নিয়ে কেবল তিনজন মাংশপেশির ইনজুরিতে পড়েননি। তবে এই খেলোয়াড়দের অবসাদ ও ফিটনেসজনিত সমস্যা থাকার পরও কোচ পচেত্তিনো টানা চতুর্থ বছরের মতো হটস্পারকে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার লক্ষ্যে এগিয়ে নিচ্ছেন।
চেলসির মুখোমুখি হওয়ার আগে দলটির চাইতে এক পয়েন্টে পিছিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। তবে কোচ মাউরিজিকেও সারির অধীনে টানা ১৮ খেলায় অপরাজিত থাকা চেলসিকে প্রথম হারের বিস্বাদ দিতে পারলে টটেনহ্যাম উঠে আসবে তৃতীয় স্থানে। চলতি মৌসুমে ধারাবাহিকতা দেখালেও বড় দলগুলোর বিরুদ্ধে ভাল কিছু করে দেখাতে পারেনি তারা। লন্ডনের ওয়েম্বলিকে আপাত ঠিকানা হিসেবে ব্যবহার করা টটেনহ্যাম নিজেদের মাঠে লিভারপুল, ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে। এমনকি বার্সেলোনাও ওয়েম্বলিতে এসে জিতেছে, যে কারণে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় ওঠা কঠিন হয়ে গেছে হটস্পারদের।
ইতালিয়ান কোচ সারি চেলসির দায়িত্ব নেয়ার পর এটাই হবে দুই দলের মধ্যকার প্রথম দ্বৈরথ।
দল দুটি এ পর্যন্ত প্রিমিয়ার লিগে ৫২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চেলসি জিতেছে ২৭টিতে। টটেনহ্যামের জয় ছয়টি। ড্র হয়েছে ১৯ বার। টটেনহ্যামের জয়গুলোর মধ্যে দুটি ছিল শেষ পাঁচবারের মুখোমুখিতায় পাওয়া। গত মৌসুমের খেলায় উত্তর লন্ডনের ক্লাবটি চেলসির মাঠে জিতেছিল ৩-১ গোলে। যদিও ফিরতি খেলায় ওয়েম্বলিতে ২-১ গোলে পরাজিত হয়েছিল টটেনহ্যাম।