আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার অভিপ্রায় ছিল জুডিশিয়াল ক্যু করার। সেটা বাধা দিতে গিয়ে দুই-আড়াই বছর যথেষ্ট সময় নষ্ট হয়েছে। তার কারণে ব্যহত হয়েছে অনেক উন্নয়ন কাজ।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ সব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যে মুহূর্তে আমরা আইনের শাসনের প্রয়োজনীয়তা অনুভব করব সেই মুহূর্তে লেজিসলেটিভ ডিভিশনের প্রয়োজনীয়তা রয়েছে। তার কারণ হচ্ছে কোন আইনই কিন্তু এই লেজিসলেটিভ ডিভিশনের আওতার বাইরে যেতে পারে না। সেটা অনুধাবন করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিভিশন করেছেন। আমরা সকলেই বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। বঙ্গবন্ধু বৈষম্য বিলোপ ও ন্যায় বিচারের জন্য সংগ্রাম করে গেছেন। তাই আইন মন্ত্রণালয়ে বৈষম্য তৈরির কোন সুযোগ নেই।
আরও পড়ুন: ডাকসুর সেই প্রার্থীকে রড দিয়ে পেটালো ‘ছাত্রলীগ’
তিনি বলেন, যেদিন থেকে সংবিধান প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে সেদিন থেকে কিন্তু লেজিসলেটিভ উইং এর জন্ম হওয়া উচিত ছিল। এর কারণ হচ্ছে লেজিসলেটিভ উইং একটি খুবই গুরুত্বপূর্ণ বিভাগ। কিন্তু সেটা হয়নি। আইন বানানোর জন্য যে পৃথক বিভাগ লাগে আর এটা পরীক্ষা করতে হয় তা সামরিক শাসকরা ভাবতেও পারেননি। এজন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ২০০৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সভা পরিচালনা করেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।
ইত্তেফাক/এমআই