দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের অধিকাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ৩৫ কি.মি রাস্তা জুড়ে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে।
নবাবগঞ্জ উপজেলা সদর, বাগমারা, দীঘিরপার, বক্সনগর, বান্দুরা বাসস্ট্যান্ড, সাদাপুর, পানালিয়া এবং কেরানীগঞ্জের জিনজিরা সড়কের লাকিরচর এলাকার অংশ খুবই নাজুক। এ সড়কে সামান্য গতিতে গাড়ি চলাচল করলেও অনেক সময় সেগুলো উল্টে যায়। খানাখন্দে ভরা পানিতে ডুবে যাওয়া রাস্তায় ধীর গতিতে গাড়ি চালাতে গিয়ে প্রায় অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া দোহার উপজেলা সদরের লটাখোলা, বাঁশতলা, করম আলী মোড়, কার্তিকপুর, বাহ্রা ঘাট, মৈনট ঘাট, মেঘুলা বাজার এবং নারিশা পশ্চিমচর এলাকার রাস্তায় রয়েছে ছোট-বড় গর্ত।
এলাকাবাসীর অভিযোগ, দোহারের অতি জনগুরুত্বপূর্ণ সড়কের এ অবস্থা যেন প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের কারোরই নজরে আসছে না। দোহারের সর্ববৃহত্ বাণিজ্যিক কেন্দ্র জয়পাড়া হাট-বাজার। প্রতিদিনের বাজার ছাড়াও সোম ও বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন। আর এ হাটে দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, শ্রীনগর, মানিকগঞ্জের হরিরামপুর ও ফরিদপুরের চরভদ্রাসন থেকে ব্যবসায়ীরা আসেন। কিন্তু হাটে আসার মূল রাস্তায় সামান্য বৃষ্টিতেই পানি জমে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমিন বলেন, রাস্তার অবস্থা খুবই করুণ। এ বিষয়ে উপজেলা পরিষদের সভায় আলোচনা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের মুন্সীগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. মামুন অর-রশিদ বলেন, সামনে একনেকের বাজেটে ৭২ কি.মি রাস্তা সংস্কারের জন্য ৪৫০ কোটি টাকার প্রস্তাবনায় দেওয়া আছে।
ইত্তেফাক/নূহু