বার্সার বিপক্ষে সুযোগ অ্যাটলেটিকোর

স্পোর্টস ডেস্ক

অ্যাটলেটিকো মাদ্রিদ আজ রবিবার নিজ মাঠে চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারাতে পারলে স্পানিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারবে। অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো চলে যাওয়ার পর পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে দুর্দশায় থাকা রিয়াল মাদ্রিদ খেলতে যাবে এইবার এর মাঠে। কোচ হিসেবে স্থায়ী হওয়ার পর এটা হবে সান্তিয়াগো সোলারির প্রথম ম্যাচ।

দিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো বর্তমানে শিরোপাধারী বার্সেলোনার চাইতে কেবল এক পয়েন্টে পিছিয়ে তৃতীয় স্থানে আছে। সেভিয়াও তাদের মতো ২৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে আছে দ্বিতীয় স্থানে। গত বছর ১৪তম স্থানে থাকা অ্যালাভেজও সমান পয়েন্টে থেকে গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে। অপরদিকে  রিয়াল আছে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

এরকম প্রেক্ষাপটেই আন্তর্জাতিক বিরতির পর শুরু হচ্ছে স্পানিশ লিগ।

বার্সেলোনার জন্যও পরিস্থিতি এবার সবসময় একই রকম ছিল না। জেরার্ড পিকের কথায় বোঝা যায় বিষয়টি। তিনি বলেন, ‘আমরা বড় দলগুলোর বিরুদ্ধে যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে খেলতে সক্ষম হই। কিন্তু অন্য দলগুলো যাদের সম্ভাবনা কম, তাদের বিরুদ্ধে আমরা পারিনি। আমরা যদি শিরোপা জিততে চাই, তাহলে আমাদের শক্তিশালী ও অন্য সবার বিরুদ্ধে দাপট দেখাতে হবে।’ 

স্বাগতিক অ্যাটলেটিকোর অবস্থাও প্রায় একইরকম। এই ভাল খেলে তো আবার পিছলে পড়ছে। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৪-০ গোলে হারা দলটি আন্তর্জাতিক বিরতির আগে শেষ ১০ মিনিটে করা দুই গোলে অ্যাটলেটিকো বিলবাওকে হারাতে সক্ষম হয়।

বার্সার বিরুদ্ধেও লিগে অ্যাটলেটিকোর জয়ের সর্বশেষ নজিরটি অনেক পুরনো, ২০১০ সালের। তাও সে দলটিতে ছিল স্পেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া এবং আক্রমণভাগে সার্জিও আগুয়েরো।

দুদলের এ লড়াইয়ের যে কোন ফলই উপকৃত করবে রিয়াল মাদ্রিদকে। তবে এদের মোকাবেলার আগেই মাঠে নামবে সোলারির মাদ্রিদ। বার্সেলোনা ও অ্যাটলেটিকোর খেলার ফলাফলের সুবিধা নিতে হলে রিয়ালকে এইবার এর মাঠে জিতে আসতে হবে।

 কোচ সোলারির অধীনে চার জয়, ১৫টি গোল দেয়া এবং নিজেদের জালে কেবল দুবার বল যাওয়া মিলিয়ে আর্জেন্টাইনটিকে স্থায়ী করা রিয়াল সভাপতির জন্য ছিল সহজ কাজ। যে পদটি খালি হয়েছিল হুলেন লোপেতেগুইকে বরখাস্তের কারণে। বড় দিনের ছুটি পর্যন্ত সোলারির সামনে দৃশ্যত সহজ সূচিই বিদ্যমান। ব্যতিক্রম আগামী সপ্তাহে লা লিগায় ভ্যালেন্সিয়া ও চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিরুদ্ধে খেলা দুটি।

এ খেলাগুলোয় সুবিধা করতে পারলে সোলারির দলের সামনে সুযোগ আসবে আবারও বার্সেলোনার কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবার।— সুপারস্পোর্ট।