যশোরের কেশবপুরে দু দল ডাকাতের ভিতর বন্দুক যুদ্ধে ইউনুস আলী সানা (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে তাদের আটক করার চেষ্টা কালে ২ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও ১টি রাম দা উদ্ধার ও ডাকাত দলের সদস্য আশরাফুল ইসলামকে (৩৫) আটক করে।
এ ঘটনায় কেশবপুর থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম সহিদ জানান, বুধবার গভীর রাতে উপজেলার কেশবপুর সাগরদাঁড়ি সড়কের ক্রাইম পয়েন্ট খ্যাত দেউলি চৌরাস্তার মোড়ে দু দল ডাকাত দলের ভিতর গোলাগুলি শুরু হলে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
এ সময় ডাকাত দলের দু পক্ষের ছোটাছুটির ভিতর পড়ে পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম ও আব্দুল জলিল আহত হয়। এ সময় ঘটনাস্থলে ডাকাত দলের সদস্য উপজেলার দেউলি গ্রামের আব্বাস আলীর ছেলে তালিকাভুক্ত সন্ত্রাসী আশরাফুল ইসলাম(৩৫)কে আটক ও ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে।
বন্দুকযুদ্ধে গুরুতর আহত ডাকাত দলের সদস্য ইউনুস আলী সানাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডাকাত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মনিপুর গ্রামের মকবুল সানার ছেলে ইউনুস আলী। বৃহষ্পতিবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় থানার এস আই শিকদার রকিব উদ্দিন বাদী হয়ে পৃথক হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে ৩ টি মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/সাব্বির