কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নূরপুর-পিলগিরি রাস্তা পাকা না হওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। এ রাস্তাটি কচুয়ার দক্ষিণ-পূর্ব ও বরুড়া উপজেলার পশ্চিম অঞ্চলের লোকজনের যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
উপজেলার প্রসিদ্ধ রহিমানগর বাজার ও বরুড়া উপজেলার প্রসিদ্ধ আড্ডা এবং ঝলম বাজারে পণ্য আনা-নেওয়ার জন্যও গুরুত্বপূর্ণ। উল্লেখিত বাজারগুলোর মধ্যে দুই উপজেলার লোকজন রিকশা, ভ্যানগাড়ি, ট্রলি ও নসিমনের মাধ্যমে ধান, চাল, তরমুজ, মুলা ও কপিসহ বিভিন্ন সবজি আনা-নেওয়া করা হয়। কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তার দু পাশের ছোট বড় গাছের পানি ফোঁটা ফোঁটা আকারে পড়ে কাদা হয় এবং গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে বর্ষাকালে এত বেশি কাদা ও গর্ত সৃষ্টি হয় যে কোনো যানবাহনই চলাচল করতে পারে না। এমনকি লোকজন পায়ে হেঁটে চলাচল করার জন্যও রাস্তাটি অযোগ্য হয়ে যায়।
উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ জানান, উল্লেখিত রাস্তাটি উন্নয়নের জন্য তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ইত্তেফাক/নূহু