ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধরগাঁও গ্রামের একটি বিল থেকে রেজাউল নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুই-তিনদিন আগে তার মৃত্যু হয়েছে।
শিশুটির কাঁধে থাকা স্কুল ব্যাগে দ্বিতীয় শ্রেণির কিছু বই ও ব্যবহৃত খাতা রয়েছে। খাতায় ওপরে ছাত্র-ছাত্রীর নামের জায়গায় লেখা রয়েছে-রেজাউল, রোল ১৩ এবং বিদ্যালয়ের নাম টেক নগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এলাকাবাসী জানান, সকালে বিলে ধান কাটতে গিয়ে শ্রমিকরা পানিতে একটি শিশুর মৃতদেহ ভাসতে দেখে। পরে বিষয়টি থানায় জানানো হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) মো. খলিলুর রহমান হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
ইত্তেফাক/ইউবি