বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আবৃত্তিশিল্পী কাজী আরিফের মরদেহ মঙ্গলবার সকালে দেশে আনা হচ্ছে। মঙ্গলবার এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী আরিফ মারা যান। কাজী আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
৬৪ বছর বয়স্ক কাজী আরিফ দু'দিন ধরে ক্লিনিক্যাল ডেড ছিলেন। নিউ ইয়র্কের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে গত মঙ্গলবার ওপেন হার্ট সার্জারির পর লাইফ সাপোর্টে ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার হার্টের ভাল্ব অকেজো হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভাল্ব পুনঃস্থাপন এবং আর্টারিতে বাইপাস সার্জারি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেয়া হয়। কিন্তু তার জ্ঞান ফেরেনি। এই খবর শোনার পর হাসপাতালের সামনে ভিড় করেন নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের সাংস্কৃতিকর্মীরা।
কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আরিফের ইচ্ছে মোতাবেক তার লাশ বাংলাদেশে আনা হচ্ছে।
ইত্তেফাক/সাব্বির