জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লাহ মাহফুজ আল হোসেনসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
অন্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শহীদুর রহমান ও সাবেক উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. শাহাব উদ্দিন বাদল।মঙ্গলবার দুপুরে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (নিম্ন) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সরকারি সিদ্ধান্ত অমান্য করে বিধিবহির্ভূতভাবে ১৫৯জন কর্মকর্তাকে সিলেকশন গ্রেড প্রদান এবং অর্থ আত্মসাতের অভিযোগে ২০১২সালে ওই তিনজন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কাজী শহীদ উল্লাহ ১৩জনকে আসামি করে জয়দেবপুর থানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমান ও এ এইচ এম শাহজাহান বাদী হয়ে জয়দেবপুর থানায় একাধিক মামলা করেন। যা পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনে স্থানান্তরিত হয়। এর আগে ওই মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা গ্রেফতার হলেও আদালতের মাধ্যমে জামিনে রয়েছেন। কিন্তু এ তিনজন ইতোপূর্বে গ্রেফতার হননি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (আইন) মো. সিদ্দিকুর রহমান স্বপন জানান, ওই মামলার সব আসামি উচ্চ আদালত থেকে গত ২২মার্চ ৬সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন নেন। মঙ্গলবার ওই মেয়াদ শেষ হওয়ার দিনে আসামিরা উচ্চ আদালতের নির্দেশ অনুয়ায়ি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে ওই তিনজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ইত্তেফাক/জামান