২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পঞ্চম বারের মত ৬মে কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একদিনের সফরে প্রধানমন্ত্রী কক্সবাজারে ৮টি প্রকল্পের উদ্বোধন এবং আরো ৮টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়া কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত একটি জনসভায় ভাষণ দেবেন। তাই প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে কক্সবাজার আওয়ামী লীগ ও নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সাজ সাজ রব পড়ে গেছে।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ কাজী নিসাত রসূল কর্তৃক প্রেরিত পত্রে জানা গেছে, ৬মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টা ৪০ মিনিটে বিমানযোগে কক্সবাজার বিমান বন্দরে যাবেন। সেখানে তিনি উপস্থিত হয়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েতে সুপরিসর ৭৩৭-৮০০ বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করবেন।
এরপর বিমানবন্দর থেকে সকাল ১০টায় ইনানীর উদ্দেশ্যে যাত্রা করে সকাল ১১টায় সড়ক ও জনপদ অধিদফতরের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি কর্তৃক এক হাজার ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশ্বের দীর্ঘতম কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সেনাবাহিনী প্রধান উপস্থিত থাকবেন।
ওইদিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
ইত্তেফাক/জামান