ঝিনাইদহে বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৫১

ঝিনাইদহে পুলিশ অভিযান চালিয়ে ৯ বিএনপি, এক জামায়াত কর্মীসহ ৫১ জনকে গ্রেপ্তার করেছে। বৃহষ্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। 
 
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, বুধবার ঝিনাইদহ শহরে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপি’র প্রতিনিধি সভা চলাকালে দলের দুই গ্রুপে সংঘর্ষ ঘটে। ওই সময় কমিউনিটি সেন্টারে ব্যাপক ভাংচুর হয়। এ ঘটনায় গত রাতে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জাদান বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুশো জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আননসহ ৯ জন বিএনপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।
 
পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ২৩ জন, কোটচাঁদপুর থেকে এক জামায়াত কর্মীসহ ৫ জন, কালীগঞ্জ থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, শৈলকুপা থেকে ৬ জন ও মহেশপুর থেকে ৫ জন রয়েছে।
১০ জন রাজনৈতিক দলের কর্মী ছাড়া বাকি ৪১ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি বলে তিনি আরও জানান। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।