গজারিয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

 
মুন্সীগঞ্জের গজারিয়ায় হাতুরি ও রড দিয়ে পিটিয়ে মো. সোহেল (২২) নামে এক ডিস লাইনের মিস্ত্রিকে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে জামালদি ব্র্যাক অফিসের কাছ থেকে টহল পুলিশ তাকে উদ্ধার করে। 
 
প্রথমে ভবেরচরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে মৃত্যুর আগে সোহেল এ ব্যাপারে বিভিন্ন তথ্য দিয়ে গেছেন। 
 
গজারিয়া থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, পূর্ব শক্রতার জের ধরে শুক্রবার রাতে শ্বশুরবাড়ি মিরপুর ১ নম্বর থেকে তাকে ধরে নিয়ে আসা হয়। বিভিন্ন স্থান ঘুরে নিমর্মভাবে আঘাত করার পর মারা গেছেন ধারণা করে এখানে ফেলে যায়। 
 
সোহেল উপজেলার টেঙ্গারচরের খাড়াকান্দি গ্রামের মো. নাছিরের ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। 
 
ওসি জানান, তদন্তের স্বার্থে অপরাধীদের নাম প্রকাশ করা যাচ্ছে না। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।
 
ইত্তেফাক/কেকে