কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ১১টায় ৮০ কিলোমিটারের দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধনের ফলে বিশ্ব পর্যটন শিল্পে এর প্রভাব পড়বে, সৌন্দর্য উপভোগ্য হবে. আর্থ সামাজিক অবস্থার পবির্তন হবে, নিশ্চিত হবে নিরাপত্তা। মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধনের মাধ্যমে সার্বিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচন হয়েছে।
তিনি আরো বলেন- আজকের দিনটি দেশবাসির জন্য আনন্দের দিন। সেই সাথে দুঃখের দিনও। কারণ এই সড়কটি নির্মাণ করতে গিয়ে ছয় সেনা সদস্যের প্রাণ গেছে। সেনাদের রক্ত আর ঘামের ফসল এই মেরিন ড্রাইভ সড়ক। তাছাড়া রয়েছে স্থানীদের ত্যাগ। তারা নিজেদের জমি দিয়ে সহায়তা করেছে। তাদের অনেকের জমির টাকা এখনো পরিশোধ করা সম্ভম হয়নি। সর্বোপরি সবার ঐকান্তিক সহযোগিতায় আজকের স্বপ্নের মেরিন ড্রাইভ সড়ক।’
এতে আরো বক্তব্য রাখেন- সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান আবু বেলাল মো. শফিউলহক। স্বাগত বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক।
ইত্তেফাক/কেকে