টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

 
পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী একটি মাহিন্দ্র টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লেগে বস্ত্র ব্যবসায়ী আব্দুস সালাম (৬৫) ও তৌফিক মিয়া (৫০) নামে দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মঠবাড়িয়া-তুষখালী সড়কের সমদ্দার বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুই বৃদ্ধাসহ আরও তিনজন। আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
নিহত আব্দুস সালাম মঠবাড়িয়া পৌর শহরের মমিন বস্ত্রালয়ের সত্তাধিকারী। তিনি উপজেলার বেতমোর ইউনিয়নের মৃত মমিন উদ্দিন সূফীর ছেলে। অপর নিহত তৌফিক মিয়া কিশোর গঞ্জ বাজিদপুর শহরের মৃত গুলজার মিয়ার ছেলে।  
 
পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মাহিন্দ্র গাড়িটি আটক করেছে। গাড়ির চালক ফিরোজ হাওলাদার দুর্ঘটনার পর পালিয়ে যায়। 
 
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে ভান্ডারিয়ার চরখালী লঞ্চঘাট থেকে ৭/৮জনে যাত্রী নিয়ে একটি মাহিন্দ্র অটো টেম্পু (খাগড়াছড়ি-ছ-১১-০২৫২) মঠবাড়িয়ার উদ্দেশ্যে আসছিলেন। সকাল আটটার দিকে মঠবাড়িয়ার গুদিঘাটা সমদ্দার বাড়ি নামক স্থানে মাহিন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় গাড়িটি সড়কের পাশে একটি তালগাছে ধাক্কা লাগে। এতে পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। 
 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বস্ত্র ব্যবসায়ী আব্দুল সালামকে মৃত ঘোষণা করেন। অপর একজন তৌাফক মিয়া নামে বৃদ্ধকে আশংকাজনক অবস্থা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথে তিনি মারা যান। এছাড়া মঠবাড়িয়ার মিরুখালী গ্রামের আহত বৃদ্ধা সেতারা বেগম(৫৫), ভান্ডারিয়ার বৃদ্ধা গোলেনুর বেগম (৭০) ও মঠবাড়িয়ার ছোট হারজী গ্রামের যুবক মো. সালামকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে। 
 
মঠবাড়িযা থানার উপ-পরিদর্শক মো. মাহববুবুল ইসলাম জানান, মাহিন্দ্র গাড়ীটি চালক বেপরো গতিতে চালিয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/কেকে