গাজীপুরে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান

গাজীপুর সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ডে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
 
অভিযানের পূর্বে শনিবার দুপুরে গাজীপুর পুলিশ লাইন প্রাঙ্গণে ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান সাংবাদিকদের জানান, গাজীপুর রাজধানীর পাশে থাকায় জঙ্গি সংগঠনের নেতা-কর্মী ও সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা অবস্থান করতে পারে এমন আশঙ্কায় এ অভিযান চালানো হচ্ছে। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গোলাম সবুর, জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) মো. মোমিনুল ইসলাম প্রমুখ।
 
শনিবার দুপুর তিনটা থেকে জেলা পুলিশ একযোগে সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ডে ৪৮টি স্পটে অভিযান শুরু করা করে। 
 
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এসব এলাকার যেসব বাড়িতে মালিকরা থাকেন না সেখানে কারা, কোন ভাড়াটে কতদিন ধরে অবস্থান করছেন, তাদের পেশাই বা কি, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এসব তথ্য নিচ্ছে। এছাড়া অভিযানের সময় বাড়ির মালিকদের সন্ত্রাসী ও জঙ্গিদের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট এবং ভাড়াটেদের তথ্য ফরম বিতরণ করেন। এ অভিযান পর্যায়ক্রমে পুরো জেলায় অব্যাহত থাকবে। 
 
অভিযানে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে গত ২৩ এপ্রিল টঙ্গী থানাধীন ১৫টি ওয়ার্ডে ৬০টি স্পটে একযোগে একইভাবে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ জিহাদি বই, তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও দুই নারীসহ ১০জনকে আটক করেছিল। ২৯ এপ্রিল গাজীপুর জেলা শহরসহ ৯টি ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে ককটেল, চাপাতি, ইয়াবা ট্যাবলেট ও বিয়ারসহ গ্রেফতার করা হয়।