সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সরদারপুর গ্রামে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার ভাই আহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরদারপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো.আব্দুর রশিদ সকালে নিজ বাড়িতে রান্নাঘরে সিলিন্ডার গ্যাসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে তার চিৎকার শুনে ভাই আব্দুল আলিম, ছোট ভাই হারুন ও আব্দুল ওয়াহিদ এগিয়ে আসেন। তারাও ভাইকে উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণে আহত হন। গুরতর আহত চার ভাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডারের আগুনে আহত চার ভাইকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।