‘সমুদ্র সীমানার কথা বলার সাহসই ছিল না কারো’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্র সীমানার কথা বলার সাহস কারো ছিল না। তারা ভারতের কাছে তুলে ধরতে পারে নি। জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ কেউ পারে নি। জাতির পিতা স্থল সীমানা, সমুদ্র সীমানা করে দিয়েছিলেন।  
 
আজ শনিবার বিকালে কক্সবাজার স্টেডিয়ামে এক ভাষণে তিনি এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, সব মানুষের ওপর অত্যাচার চালিয়েছিল বিএনপি-জামায়াত। খুন করেছিল মানুষদের। তাদের হাত থেকে হিন্দু-বৌদ্ধ-মুসলমান কেউ রেহাই পায় নি। আমাদের মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। আমার ওপর এক ডজন মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল।
 
তিনি বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সড়ক আমরা চার লেনে উন্নীত করব। কক্সবাজারসহ সারা বাংলাদেশে যাতে উন্নয়ন হয় তার ব্যবস্থা করছি। মহেশখালি অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি আমরা।
 
এর আগে কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ১১টায় ৮০ কিলোমিটারের দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করেন তিনি। 
 
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধনের ফলে বিশ্ব পর্যটন শিল্পে এর প্রভাব পড়বে, সৌন্দর্য উপভোগ্য হবে. আর্থ সামাজিক অবস্থার পবির্তন হবে, নিশ্চিত হবে নিরাপত্তা। মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধনের মাধ্যমে সার্বিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচন হয়েছে।
 
ইত্তেফাক/পাভেল