রাঙ্গামাটিতে রবিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট

পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের জিম্মি থেকে রক্ষার জন্য রবিবার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথে পরিবহন ধর্মঘট পালন করবে রাঙ্গামাটি জেলা বাস, ট্রাক মালিক-শ্রমিক নেতারা।
 
এর আগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হলেও শনিবার বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে  বৈঠকের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে  নেতারা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের পরিবর্তে শুধু রবিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে। 
 
রাঙ্গামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকান্দর হোসেন চৌধুরী শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর ট্রাক টার্মিনালে ট্রাক মালিক ও শ্রমিক সমিতির কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
 
এদিকে বিষয়টি নিয়ে শনিবার বিকেলের রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান ও রাঙ্গামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুর হাসান। বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিবহন নেতাদের বক্তব্যে পরিপ্রেক্ষিতে তাদের দাবি পূরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
 
রাঙ্গামাটি-রাবার বাগান, ভেদভেদী-আসামবস্তি, আসামবস্তি-কাপ্তাই, ঘাগড়া-বড়ইছড়ি মহাসড়কে এবং নৌপথে পরিবহন ও যানবাহন চলাচলে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান পরিবহন নেতারা।
 
প্রসঙ্গত, গত বুধবার মধ্যরাতে অস্ত্র-সস্ত্র নিয়ে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের সাপছড়িস্থ দেপ্পোছড়ি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা অন্তত ১০-১২টি বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে গণডাকাতি করে।  এতে ওইসব যানবাহনে থাকা যাত্রীদের কাছ থেকে অস্ত্রের মুখে মোবাইল সেট, নগদ টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে চলে যায়। এ সময় বেশ কয়েকজনকে মারধরও করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। হামলাকারীরা পাহাড়ি সশস্ত্র একটি গ্রুপের সদস্য বলে জানিয়েছে ঘটনার শিকার অন্তত ২০ জন ভূক্তভোগী। এ ব্যাপারে রাঙ্গামাটির কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি