বাগেরহাটের মোরেলগঞ্জে জমি ও অর্থনৈতিক লেনদেনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সরোয়ার শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৮টার সময়।
এই ঘটনায় নিহত সরোয়ার খান ওই গ্রামের আশ্রাব আলী শেখের ছেলে। আহতরা হলেন- সরোয়ারের ভাই আ.রশিদ শেখ (৫০), দেলদার শেখ (৫৫) ও তার স্ত্রী তাহমিনা (৪৫),পলাশ শেখ (৩০) ও কাইয়ুম শেখ(২৫)।
উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের মধ্যপুর গ্রামের আ. রশিদ শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-জমা ও অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিরোধ চলে আসছে তারই মামাতো ভাই মিত্রডাঙ্গা গ্রামের জবান খানের। এ বিরোধের জের ধরে ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে জবান খান, সোহাগ, কামরুল ও ফোরকানের নেতৃত্বে ৭/৮জনের একটি দল আ.রশিদের ওপর হামলা চালায়।
এসময় আ. রশিদের ভাই সরোয়ার শেখসহ অন্যান্যরা ঠেকাতে গেলে তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে। আহতদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সরোয়ারকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও থানা অফিসার ইনচার্জ (তদন্ত) বাবু তারক বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুরকি ও কয়েকটি লাঠি উদ্ধার করেছে।
ইত্তেফাক/জামান