সাভার উপজেলার আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের একটি বিউটি পার্লার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার আশুলিয়ায় পল্লীবিদ্যুত্ ডেণ্ডাবর এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তরণ ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান উত্তরণ বিউটি পার্লারের উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত ডিআইজি বলেন, সমাজে উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। তাদের নানাভাবে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। বিশেষ করে বেদে ও হিজড়া সম্প্রদায় মানুষ হয়েও তারা মানুষের অধিকার থেকে বঞ্চিত। ফলে সঠিক দিক নির্দেশনা না পাওয়ায় ও বেঁচে থাকার তাগিদে বিভিন্ন অপরামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা। এ জন্য তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে আলোর পথ দেখাতে বিভিন্ন ধরনের কর্মসংস্থানে সম্পৃক্ত করা জরুরি। এরই ধারাবাহিকতায় উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে বেদেপল্লী ও হিজড়া সম্প্রদায়ের জন্য সেলাই প্রশিক্ষণ, বুটিক, কম্পিউটার ট্রেনিং, ফ্যাশন হাউজ ও বিউটি পার্লারসহ নানা ধরনের কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু