ইত্তেফাক রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে এমপি হিসেবে দেখতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যানারে বিক্ষোভ করেছে যশোর-৫ (মনিরামপুর) আসনের কর্মী-সমর্থকেরা। মনিরামপুরের প্রয়াত আওয়ামী লীগ নেতা খান টিপু সুলতানের সহধর্মিণী জেসমিন আরাকে এমপি হিসেবে দেখতে এই বিক্ষোভ করেন তারা। গতকাল শুক্রবার দুপুরে গণভবনের সামনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জেসমিন আরার কর্মী-সমর্থকরা গণভবনের সামনে বর্তমান এমপি স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে স্লোগান দেন। একই সঙ্গে তারা স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে সংখ্যালঘুদের ‘নির্যাতন’ করার অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য বলেন, হিন্দু সম্প্রদায়ের লোক হয়ে আমি হিন্দুদের ওপর অত্যাচার কেন করব? নির্বাচন সামনে থাকায় প্রতিপক্ষ লোক ভাড়া করে আমার বিরুদ্ধে এটি করিয়েছে। বিক্ষোভের বিষয়ে জেসমিন আরা বলেন, এলাকার লোকজন আসতেই পারে, তারা তাদের দাবি জায়গা মতো জানাতেই পারে। লোক ভাড়া করে এনে বিক্ষোভ করানোর অভিযোগ মিথ্যা।