নোয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

পারিবারিক বিরোধের জের ধরে ঘুুমন্ত স্বামী সহিদ উল্যাকে (৩৫) কুপিয়ে হত্যা করার পর স্ত্রী শরিফা খাতুন (২৮)বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। 
 
রবিবার ভোরে সুবর্ণচর উপজেলার চর জুবলীর মধ্য চর বাগ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সহিদ উল্যা ওই গ্রামের শাহ আলমের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং মুমূর্ষ অবস্থায়  শরিফা খাতুনকে আটক করে পুলিশ পাহারায় চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। 
 
চরজব্বার থানার ওসি তদন্ত মো. ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় স’মিল মালিক সহিদ উল্যার সাথে তার স্ত্রী শরিফা খাতুনের দীর্ঘদিন পারিবারিক কলহ চলে আসছিল। দুই শিশু সন্তানের জনক-জননী এ দম্পতির মধ্যে বিরোধ মিমাংসায় শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শালিশ বসলেও তার কোন সুরাহা হয়নি। ভোরে শরিফা খাতুন ধারলো দা দিয়ে ঘুুমন্ত সহিদ উল্যার ঘাড়ে কোপ মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি তদন্ত জানান। 
 
ইত্তেফাক/পাভেল