ছাগলনাইয়া সীমান্তে মিয়ানমারের তিন নাগরিক আটক

ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম সীমান্ত এলাকার তাকিয়া গেইট থেকে গত শনিবার রাতে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী একই পরিবারের ৩জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে পুলিশ। 
 
পুলিশ জানায়, ছাগলনাইয়া থানার এএসআই রাজীব বড়ূয়ার নেতৃত্বে পুলিশের একটি দল চেক পোস্ট ডিউটি করাকালীন ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রাম সীমান্ত এলাকার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের তাকিয়া গেইট থেকে শনিবার রাত সাড়ে ৮টায় ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় একই পরিবারের ৩জন মিয়ানমারের নাগরিক আছমিদা বেগম (৪৭) এবং তার দুই পুত্র মো, নুর আলম (২০) ও আয়াত উল্লাহকে (০৮) আটক করেছে। আটককৃতরা মিয়ানমার দেশের মুন্ড জেলার লাবাগা থানার হাননগর গ্রামের ফজলে আহমদের স্ত্রী ও পুত্র। 
 
মিয়ানমারের নাগরিক মো. নুর আলম ইত্তেফাককে জানান, মিয়ানমারের সেনা ও বৌদ্ধদের অত্যাচার নির্যাতনের ভয়ে প্রাণ বাঁচাতে তারা নিজের বাড়ি-ঘর ও জন্মভূমি ছেড়ে অবৈধভাবে সমুদ্র পথে প্রথমে মিয়ানমার থেকে ভারতে আসে এবং পরবর্তীতে পূর্ব মধুগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। 
 
ইন্সপেক্টর (তদন্ত) আবুল খায়ের শেখ জানান, আটক মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে বিদেশি নাগরিক সম্পর্কিত ১৯৪৬ এর ১৪ ধারায় মামলা হয়েছে।  
 
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. ছালেহ ৩জন মিয়ানমারের নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/এমআই