মাগুরা সদর উপজেলার ভাবনহাটির ঢাল নামকস্থানে রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং ২০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫জনকে মাগুরা ২৫০শর্য্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, দুপুর ২টার দিকে মাগুরা যশোর সড়কের মাগুরা সদর উপজেলার ভাবনহাটির ঢাল নামকস্থানে সীমাখালী থেকে মাগুরাগামী যাত্রীবাহী বাস একটি পিকআপের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে এক নারী নিহত এবং অপর ২০জন আহত হয়েছেন।
খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০বছর হবে।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তারা হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
ইত্তেফাক/জামান