নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়ার রাহাত সরকারকে (২৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাত একটার দিকে মাধবদী থানার আব্দুল্লাহ বাজার সংলগ্ন ঈদগাহের নিকট থেকে নিহতের লাশ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ। পুলিশের ধারণা রাহাত সরকারকে সন্ত্রাসীরা নরসিংদী থেকে ধরে নিয়ে মাধবদী থানার উল্লেখিত স্থানে গুলি করে হত্যা করেছে।
পুলিশ জানায়, রাত ১২টার দিকে আব্দুল্লাহ বাজারের কয়েকজন ব্যবসায়ী গুলির শব্দ শুনে মাধবদী থানায় খবর দেয়। খবর পেয়ে মাধবদী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল্লাহ বাজার এলাকায় গেলে স্থানীয় লোকজনদের দেয়া তথ্যমতে ঈদগাহ সংলগ্ন স্থানে রাহাতের গুলিবিদ্ধ লাশ দেখতে পায় এবং সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত রাহাত সরকারের বিরুদ্ধেও নরসিংদী সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার পিতার নাম জসিম উদ্দিন সরকার।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গত শনিবার রাত ১০ টার দিকে বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে যুবলীগের সম্মেলনের মঞ্চ সজ্জিতকরণ কাজের উদ্দেশ্যে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে যায়। তারপর আর বাড়ি ফিরেনি। রবিবার সকাল ৯টার দিকে কেউ একজন ফোনে রাহাত হত্যাকাণ্ডের খবর দেয়। এ ব্যাপারে নিহতের পিতা জসিম উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে দাফনের পর মামলা দায়েরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
ইত্তেফাক/পাভেল