রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মামা-ভাগ্নেসহ নিহত ৩

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ তিনজন নিহত হয়েছেন।
 
এর মধ্যে নগরীর বোয়ালিয়া থানার তালাইমারি নর্দান মোড়ে দুইজন ও পুঠিয়া উপজেলার তারাপুর বাজারের পাশে একজন নিহত হন। রবিবার দুপুরে এ সব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
 
নিহতরা হলেন, নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার টুটুলের ছেলে ব্যাটারি চালিত অটোরিকশা চালক হাসিব (২০) ও তার মামা একই এলাকার সোলাইমানের ছেলে বিশাল (২১) এবং পুঠিয়া উপজেলার ভডুয়াপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে হেলাল (৩০)।
 
বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, দুপুর সোয়া ১টার দিকে তালাইমারি মোড় থেকে অটোরিকশা নিয়ে ভদ্রার দিকে যাচ্ছিল হাসিব। এ সময় বালিবাহী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাসিব মারা যান। পরে হাসপাতালে নেয়া হলে বিশালকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
 
পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বলেন, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার তারাপুর বাজারের পাশে মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর একজন নিহত ও অপরজন আহত হন।
 
 
ইত্তেফাক/ইউবি