রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারি বাড়িটি এখন স্মৃতি জাদুঘর হিসেবে রূপ পেয়েছে। বাড়িটির ছাদের পুন:নির্মাণসহ অন্যান্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা হয়েছে। রবীন্দ্র জীবনভিত্তিক আলোকচিত্র ও এ বাড়িতে প্রাপ্ত আসবাবপত্র নিয়ে এই জাদুঘর করা হয়েছে।
রবীন্দ্র নাথ ঠাকুর ১৮৯০ সাল থেকে ১৮৯৬ সাল পর্যন্ত জমিদারি দেখা-শুনার জন্য শাহজাদপুর কাছারি বাড়িতে আসতেন এবং সাময়িকভাবে এখানে বসবাস করতেন। কিন্তু শাহজাদপুর তার এতই ভাল লেগেছিল যে, জমিদারি কাজ ছাড়াও বহুবার তিনি এখানে এসেছেন। রচনা করেছেন গান, কবিতা ছোট গল্প ও উপন্যাস প্রভৃতি।
তৌজির অন্তর্গত ডিহি শাহজাদপুরের জমিদারি একদা নাটোরের রাণী ভবানীর জমিদারির একটি অংশ ছিল। ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তা মাত্র ১৩ টাকা ১০ আনায় কিনে নেন। জমিদারির সঙ্গে শাহজাদপুর কাছারি বাড়িটিও ঠাকুর পরিবারের হস্তগত হয়।
উল্লেখ্য, ২৫ বৈশাখ উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী পালনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনের কর্মসূচী গ্রহণ করেছে।
ইত্তেফাক/জামান