সাত কেজি স্বর্ণের বার উদ্ধার নারীসহ আটক ৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কল্যাণপুর থেকে প্রায় ৭ কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে র্যাব-২। এ ঘটনায় এক নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- মো. লিটন হোসেন, মো. আমিনুর, মো. শাহ আলম ও আয়শা বেগম। গতকাল শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। র্যাব বলছে, আটককৃতরা সংঘবদ্ধ আন্তর্জাতিক স্বর্ণের বার চোরাচালানকারী চক্রের সদস্য।

 র্যাব-২ এর মেজর রুহুল আমিন জানান, অবৈধ স্বর্ণের বার পাচারের দুটি ঘটনায় সম্প্রতি কয়েকজনকে আটক করে র্যাব-২ এর সদস্যরা। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকালে কল্যাণপুর বাসস্ট্যান্ড এ অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করা হয়।