চীনে ১৭ পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশের সুযোগ চায় বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চীনের বাজারে বাংলাদেশের রফতানিযোগ্য ১৭টি পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশের সুযোগ দেওয়ার জন্য সেদেশের সরকারের প্রতি আহবান জানিয়েছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টা লি ঝিউলিং এর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে প্রতিমন্ত্রী এই আহবান জানান। 
 
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা থেকে ইউনান প্রদেশের কুনমিংয়ে সরাসরি বিমান যোগাযোগরে সাফল্য উল্লেখ করে কুনমিং-কক্সবাজার রুটে পরীক্ষামূলকভাবে বিমান চালুকরণের অনুরোধ জানান। ইউনান প্রদেশ চীনের সঙ্গে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব দেশগুলির সঙ্গে ভৌগলিক যোগসূত্র স্থাপন করেছে বলে লি ঝিউলিং উল্লেখ করে বলেন, প্রতিবছর কুনমিংয়ে অনুষ্ঠিত চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে চীন ও দক্ষিণ এশিয়া দেশসমূহের অংশগ্রহণের মাধ্যমে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে।
 
কুনমিংয়ে ২০১৫ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রাভেল মার্টে শতাধিক দেশের অংশগ্রহণের কথা উল্লেখ করে লি ঝিউলিং ২০১৭ সালে অনুষ্ঠেয় উক্ত মার্টে বাংলাদেশের পর্যটক ও ব্যবসায়ী দলের অংশগ্রহণের অনুরোধ জানান। লি ঝিউলিং রোববার ৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ৩ দিনের সফরে বাংলাদেশে আসেন।
 
ইত্তেফাক/সাব্বির