বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ আয়োজিত কনসার্টে কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আটটা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে ক্যাম্পাসের ১নং খেলার মাঠে পৃথকভাবে এসব শ্লীলতাহানির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার কিছু পর ক্যাম্পাসের বাসস্ট্যান্ডের পাশে এক ছাত্রীকে শ্লীলতাহানি করে চার যুবক। পরে ওই ছাত্রী কাঁদতে কাঁদতে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর পুলিশ ফাঁড়ির সামনে দুই তরুণীকে উত্যক্ত করে বখাটেরা। এ সময় তাদের শারীরিকভাবে লাঞ্চিত করা হয়।
কনসার্টে আসা কয়েকজন দর্শক জানান, আয়োজন অনেক বড় হলেও পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। তাই বখাটেরা অনেকের সঙ্গে এসব বাজে আচরণ করেছে।
রায়হান নামের এক শিক্ষার্থী বলেন, ‘সন্ধ্যার পর অনুষ্ঠানস্থলে বখাটেদের উপদ্রব বেড়ে যায়। রাত ৮টার পর থেকে তারা অনেক ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফরিদ উল ইসলাম বলেন, ‘রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমোদন করা হয়েছে। এ সময়ে ওই স্থানে নিরাপত্তাকর্মীরা কাজ করবে। নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান পরিচালনা করা ঠিক হবে না। পরবর্তীতে কিছু ঘটলে তার দায়ভার আয়োজক কমিটিকে নিতে হবে।’
আরও পড়ুনঃ ভারতীয় নাগরিককে হিলি চেকপোস্ট দিয়ে হস্তান্তর
একাউন্টটিং বিভাগের বিভাগীয় প্রধান শাহীনুর রহমান বলেন, ‘প্রক্টর অফিস থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়েছে।’ তবে শ্লীলতাহানির বিষয়ে তিনি কিছু বলেননি।
ইত্তেফাক/নূহু