প্রধানমন্ত্রীর ফান্ডে নয়, ইসলামী ব্যাংকই খরচ করবে যাকাত ফান্ডের টাকা

ইসলামী ব্যাংকের সিএসআর ও যাকাত ফান্ডের টাকা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর ফান্ডে টাকা দিতে চেয়ে এখন আবার অসম্মতি জানিয়েছে ব্যাংকটি। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় টাকা নিজেরাই খরচ করবে। একইসঙ্গে তারা জানিয়েছে, স্বচ্ছ হিসাবের মাধ্যমে তা করা হবে। 
 
বিভিন্ন গণমাধ্যমে ইসলামী ব্যাংকের যাকাতের ফান্ড ও অন্যান্য বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। তার প্রতিবাদ জানিয়ে এক বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানিয়েছে, ‘গত ১৩মে অনুষ্ঠিত বোর্ড সভার বরাত দিয়ে ব্যাংকের জাকাত ফান্ড, শিক্ষাবৃত্তি, ইফতারের অর্থ ব্যয়, শীর্ষ নির্বাহীদের বদলি ও কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা সংক্রান্ত যেসব সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা বিভ্রান্তিকর। ব্যাংকের জাকাত ফান্ডের ৪শ’ ৫০ কোটি টাকা প্রধানমন্ত্রীর জাকাত ফান্ডে প্রদানের কোন সিদ্ধান্ত বোর্ড সভায় গৃহীত হয়নি। এছাড়া ব্যাংকের ১৯ কোটি টাকার শিক্ষাবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগীদের বিষয়ে খতিয়ে দেখা এবং সিএসআর সুবিধাভোগীদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।’ 
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘আসন্ন রমজানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যাংকের ১৩ কোটি টাকার ইফতার বিতরণের সিদ্ধান্ত হয়েছে মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাও সঠিক নয়। তাছাড়া ব্যাংকের জনসংযোগ, মার্কেটিং ও সিএসআর বিভাগের প্রধানদের বদলি এবং কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা কমানোর আলোচনাই হয়নি উক্ত বোর্ড সভায়।’
 
ইত্তেফাক/এমআই