ইত্তেফাক রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এম. মাহবুবউদ্দিন খোকন বলেছেন, দুর্নীতি দমন কমিশনের মামলা পরিচালনার জন্য দুদক আইন অনুসারে সংস্থাটির নিজস্ব পাবলিক প্রসিকিউটর রয়েছে। দুদকের মামলা পরিচালনার জন্য এ ধরনের আইনজীবী থাকা সত্ত্বেও অ্যাটর্নি জেনারেল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ মামলা নিয়ে বারবার বক্তব্য দিয়ে মামলাটিকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়ার সুনাম নষ্ট করতেই অ্যাটর্নি জেনারেল সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিচ্ছেন তা বেআইনি। গতকাল শুক্রবার ধানমন্ডির নিজ চেম্বারে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন এসব কথা বলেন।
ব্যারিস্টার মাহবুবউদ্দিন বলেন, মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় থাকাকালে নাইকোর সঙ্গে চুক্তি হয়েছিল, এরই ধারাবাহিকতায় খালেদা জিয়া তার সরকারের আমলে ফাইলটি অনুমোদন দিয়েছিলেন। তাই নাইকো নিয়ে কানাডিয়ান পুলিশ ও এফবিআই’র প্রতিবেদন একপেশে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।