প্রতি বছরের মত এবারও গ্রীষ্মের শুরুতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের জন্য নৌ ভ্রমণের আয়োজন করেছিল শো-টাইম মিউজিক অ্যান্ড প্লে (এসএমপি)। স্থানীয় সময় শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বিনোদন নির্ভর এই নৌ ভ্রমণে অংশ নিয়ে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপভোগ করেন উত্তর আমেরিকার শিল্পীদের কনসার্ট। সারাবছরের শত কর্মব্যস্ততা তারা ভুলে থাকেন ক্ষণিকের কিছু সময়।
দুপুর ১টায় যাত্রা শুরুর পর বিলাসবহুল জাহাজটি বিকাল ৫টা পর্যন্ত নিউইয়র্কের হাডসন ও ইস্ট রিভার প্রদক্ষিণ করে। এসময় জাহাজের বিশাল ডেকে শুরু হয় মনমাতানো কনসার্ট। এতে সঙ্গীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব, রোখসানা মির্জা, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, রানো নেওয়াজ, সোনিয়া সুইটি, লাল্টু, লীনা ও মৌ। এছাড়া ফ্যাশন শো ও কোরিওগ্রাফিতে অংশ নেয় মাজেদ ডিজায়ার।
সাংস্কৃতিক পর্ব ছাড়াও আলোচনায় অংশ নেন মো. শাহ নেওয়াজ, জাকির এইচ চৌধুরী, মিয়া মোহাম্মদ দুলাল, গিয়াস মজুমদার, মনিরুজ্জামান ভুইয়া বিল্লাল, আহসান হাবিব, মফিজুল ভূঁইয়া রুমী, মঈন চৌধুরী, এনাম আহমেদ, এসমএমপির কর্ণধার আলমগীর খান আলম প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এতে ছিল আকর্ষণীয় পুরস্কার।