নদী রক্ষায় এক হয়ে কাজ করতে হবে ------ র্যাব মহাপরিচালক

বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী দূষণ ও দখল প্রতিরোধে নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল বন্ধু গ্রুপ ২০০৪-০৫ জনসচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করে। ঢাকার সদরঘাট ভিআইপি টার্মিনালে গতকাল শুক্রবার  সকালে শোভাযাত্রা উদ্বোধন করেন সার্জেন্ট জহুরুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও র?্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

বেনজীর আহমেদ বলেন, নদী রক্ষায় সবাই এগিয়ে আসার এখনই সময়। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলে সবই সম্ভব। নদী দখলকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকার পরিবেশসমৃদ্ধ মহানগর হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ঢাকার আশপাশের নদী ও ভেতরের খাল দখল ও দূষণমুক্ত করার কার্যকর উদ্যোগ নিতে বিলম্ব হলে বিপর্যয় ঘটবে। ঢাকার প্রতি কর্তব্যবোধ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনীতিক ও পেশাজীবীদের একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে ছিলেন র?্যাব-১০ এর অধিনায়ক কাইয়ুমুজ্জামান, খান ইকুইপমেন্ট বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বন্ধু গ্রুপের আহ্বায়ক আব্দুস ছালাম খান প্রমুখ।