দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশির ঘটনাকে সরকারের দুরভিসন্ধিমূলক আচরণ বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ। গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে এ সাংবাদিক সম্মেলন এ অভিযোগ করা হয়।
সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপারসন আকতার হোসেন বাদল। সাংবাদিক সঞ্চালনা করেন তারেক পরিষদের মহাসচিব ভিপি জসীম উদ্দিন।
আকতার হোসেন বাদল তার লিখিত বক্তব্যে বলেন, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান অফিসে তল্লাশির ঘটনায় আমরা ক্ষুব্ধ। গণতন্ত্রে বিশ্বাসী কোনো প্রবাসী এমন আচরণকে সহজভাবে নিতে পারছেন না। তল্লাশির এ ঘটনাকে আমরা রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবেই মনে করছি।
তিনি আরও বলেন, বিএনপি যখন ভিশন-২০৩০ ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারসহ মানুষের ভাগ্য উন্নয়নের সুদূরপ্রসারি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে, ঠিক তারপরই সরকারের গা জ্বালা শুরু হয়েছে। এ ধরনের আচরণ দুরভিসন্ধিমূলক-এটা বলার অপেক্ষা রাখে না।
সাংবাদিক সম্মেলনে সরকারকে জাতির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা বাদল বলেন, অন্যথায় আগের মত বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এই প্রবাস থেকে দুর্বার আন্দোলনে যেতে বাধ্য হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কাজী মো. আসাদউল্লাহ, শহীদুল্লাহ পাটোয়ারি, ওয়াহেদ আলী মণ্ডল, আশরাফ হোসেন, মজিবর রহমান, খোরশেদ আলম, হাফিজুর রহমান পিন্টু, আশরাফ হোসেন, তারেক পরিষদের সহ-সভাপতি বেলায়েত হুসেন ও সাইফুল ইসলাম অপু, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর, সুমন ভৌমিক, মাসুদ রানা, মামুনুর রহমান, মীর্জা নান্নু, মোহাম্মদ সেলিম প্রমুখ।
ইত্তেফাক/এমআই