বসন্তের রঙ প্রকৃতি থেকে ছড়িয়ে পড়ে মানুষের মনে। হৃদয়ে জেগে ওঠা নতুনের সেই আনন্দে মেতে বসন্তকে বরণ করে নেওয়াটা হলো বাঙালির শত বছরের ঐতিহ্য। কিন্তু বসন্ত যে কেবল বাঙালির মনেই দোলা দেয় না, এর আবেদন যে বিশ্বজনীন, তারই স্বাক্ষর রাখল ভ্যানকুভার রবীন্দ্র পরিষদের আয়োজনে উদযাপিত বসন্ত উৎসব, 'ট্যাগোর স্প্রিং ফেস্টিভাল ২০১৭'।
গত শনিবার সারি সিটি হলে অনুষ্ঠিত এ উৎসবে বাঙালির বসন্ত উদযাপন বহুজাতিকতার নতুন মাত্রা লাভ করেছে। দর্শকের হৃদয় জয় করে নেয়া এ অনুষ্ঠানে বাংলা নাচ-গানের সাথে ছিল ইংরেজি কবিতা, কর্ণাটক সঙ্গীত এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ধারায় সেতারের মূর্ছনা।
নানা বর্ণ, জাতি ও পেশার হল ভর্তি দর্শকের সামনে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী পিনু সাত্তার, লাক্সমি মেনন এবং সেতারের সুরে দর্শকদের মুগ্ধ করেন মোহামেদ আসানী। এছাড়াও নজরুলগীতি পরিবেশন করেন শঙ্খনাদ মল্লিক, অভীক দে এবং কেকা সেনগুপ্ত। তাদের গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন একঝাঁক নবীন-প্রবীণ শিল্পী। অনুষ্ঠানে ইংরেজি কবিতা পাঠ করেন কানাডীয় কবি বার্নিস লিভার, কোরিয়ান কবি বং জা আহন এবং আমেরিকান কবি কারলা শেফার।
ইত্তেফাক/জামান