ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় স্থায়ী পশু হাটের ব্যবস্থা করা হবে। আসন্ন রমজানে সর্বসম্মতিক্রমে কেজিপ্রতি গরুর মাংস দেশি ৪৭৫ টাকা, বিদেশি ৪৪০ টাকা, খাসির মাংস ৭২৫ টাকা, বকরি ও ভেড়ার মাংস ৬২০ টাকা এবং মহিষের মাংস ৪৪০ টাকা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে নগর ভবনস্থ সেমিনার কক্ষে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মহানগরীর বিভিন্ন মাংস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উক্ত দর নির্ধারণ করে দেন। পহেলা রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত এ দর মেনে চলার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ব্যবসায়ীদের প্রতিনিধি এবং করপোরেশনের প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হবে। এ কমিটি রমজানে বাজার দর যাচাই-বাছাই করবে এবং কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির ও ফরিদ উদ্দিন আহম্মেদ রতন, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. সালাউদ্দিন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মাংস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে গোলাম মর্তুজা মন্টু, রবিউল আলম ও শামীম আহমেদ বক্তৃতা করেন।
মেয়র পবিত্র রমজানে ধর্মপ্রাণ মুসল্লিদের খেদমতে একটু কম লাভে সঠিক ওজনে ভালো মানের মাংস বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষাসহ ধর্মপ্রাণ মুসল্লিদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য রেস্টুরেন্ট, ফল, ক্লাব, বার, ইমাম সমাজসহ বিভিন্ন সেক্টরের সঙ্গে ইতোমধ্যেই মতবিনিময় করেছি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মাংস ব্যবসায়ীদের সঙ্গে এ আয়োজন।
মাংস ব্যবসায়ীরা একটি স্থায়ী পশুর হাটের দাবিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মেয়র তাদের জন্য একটি স্থায়ী পশু হাটের ব্যবস্থা করা হবে বলে জানান। মেয়র সাঈদ খোকনের সঙ্গে সন্তোষজনক আলোচনার পরিপ্রেক্ষিতে মাংস ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
ইত্তেফাক/কেকে