নির্বাচন পেছাবে না ইভিএম থাকবেই

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছাবে না বলেছেন নির্বাচন কমিশন (ইসি)। ভোটের তারিখ ৩০ ডিসেম্বরকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের প্রস্তুতি ব্যাপক। দিনটি এতই গুরুত্বপূর্ণ যে, ওইদিন জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। রাজনৈতিক দলসহ সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সিইসি আরো বলেছেন, নির্বাচনে আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবই। গতকাল শুক্রবার আগারগাঁওয়ের ইটিআই ভবনে সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সে সিদ্ধান্ত দুয়েক দিনের মধ্যেই নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব। একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। অথবা কয়েকটি   আসনের কিছু সংখ্যক কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে। এই দুটো জিনিস শনিবারের সভায় ঠিক হবে। ইভিএম ব্যবহার হলে ইসির বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে ঐক্যফ্রন্ট। এ বিষয়ে সিইসি বলেন, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আমরা ইভিএম সীমিত আকারে ব্যবহার করব। এ সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই। ব্যালট পেপারে ভোট দেওয়ার ঝামেলা দূর করতে হবে। আর এটি করতে পারে ইভিএম। সিইসি বলেন, ইতিপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে এটি ব্যবহার করা হয়েছে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোনো আইনগত বাধা নেই। বিভিন্ন দল ইভিএমের বিরোধিতা করে তারা এটি এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। তাদের লোক দিয়ে ইভিএমের টেকনিক্যাল বিষয় পরীক্ষা করুক। তাহলে তাদের সংশয় কেটে যাবে। পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, তারা রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা থাকেন মাঠে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক সময় তীর্যক কথা বলতে পারেন, কিন্তু সেটা নেওয়া যাবে না। তারা প্রশ্ন করবে, জানতে চাইবে। সেটি তাদের বুঝাবেন। নূরুল হুদা বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, তাদের সমস্যাগুলো বুঝতে হবে। তাদের সমস্যাগুলো দেখতে হবে। আগে এটি ছিল না, এখন সেটা করতে হবে। তাদের প্রশ্ন শুনে ধৈর্য ধরে উত্তর দিতে হবে।

আবু হত্যার তদন্তের নির্দেশ দেবেন সিইসি: বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আবু বকরের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধারের ঘটনা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। গত বৃহস্পতিবার যশোর জেলা বিএনপির সহ-সভাপতি আবুর লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার করা হয়। গত বুধবার বিএনপি থেকে ইসিতে মনোনয়নপ্রত্যাশী গ্রেপ্তার হওয়া পাঁচ নেতার তালিকা দেওয়া হয়েছিল। সেখানে আবুর নাম ছিল। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি জানান, তিনি এ বিষয়ে জানেন না। আবু বকর হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেবেন। পুলিশ দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনবে। পুলিশকে এই নির্দেশ দেওয়া হবে।