২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকরা ঈদ বোনাস পাবেন

 
২০ রোজার মধ্যে তৈরি পোশাক খাতের শ্রমিকদের উত্সব ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিএমইএ-এর সহ-সভাপতি মোহাম্মদ নাছির। তিনি বলেন,  ২০ রোজার মধ্যে শ্রমিকরা ঈদ বোনাস পেয়ে যাবেন। সেটি নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও বিজিএমইএতে নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ তদারকি করা হবে। তবে ঈদ যেহেতু চলতি মাসেই হবে, সে জন্য মালিক শ্রমিক আলোচনার ভিত্তিতে জুন মাসের ১০ দিন বা ১৫ দিনের বেতন দেওয়া হবে। 
 
সোমবার রাজধানীর কাওরান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের (ডিআইএফই) কার্যালয়ে ‘তৈরি পোশাক শিল্পের ক্রাইসিস ম্যানেজমেন্ট’-বিষয়ক কোর কমিটির ৩৩তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় শ্রমিক নেতারা ১০ রোজার মধ্যে ঈদ বোনাস ও জুন মাসের অন্তত বিশ দিনের বেতন প্রদানের দাবি জানান।
 
সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু,  শ্রমসচিব মিকাইল শিপার, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, ডিআইএফইর মহাপরিদর্শক সামছুজ্জামান ভুঁইয়া, গার্মেন্টস শ্রমিক নেত্রী লীমা ফেরদৌস, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, গার্মেন্টস শিল্প এলাকায় শ্রমিক সংগঠনগুলোর কার্যক্রম চালাতে হলে নিবন্ধন নিতে হবে। শ্রমিক সংগঠনগুলো এনজিও-র নামে নিবন্ধন নিয়ে কি কি কার্যক্রম চালাতে পারবে সে বিষয়ে খোঁজ নেয়া হবে। তিনি বলেন, এনজিও’র নামে শ্রমিক সংগঠনগুলো যে নিবন্ধন নেয়, সেখানে কী কী কার্যক্রমের বিষয়ে উল্লেখ থাকে, জানতে চেয়ে এনজিও ব্যুরোকে চিঠি পাঠানো হবে।
 
ইত্তেফাক/কেকে