হলদে সরিষা ফুলে সেজেছে গ্রাম বাংলা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আবারও এসে গেল হলদে সরিষা ফুল ফোটার মৌসুম। হলদে সরিষা ফুলে গ্রামের ক্ষেতগুলো এখন অপরূপ সাজে সেজেছে, মনে হয় যেন পটে আঁকা ছবি। সরিষা ফুলের সুঘ্রাণে চারদিক মৌ মৌ করছে। কিছুদিন পরই সরিষা দানা সংগ্রহ করা হবে। সরিষা ভাঙিয়ে পাওয়া যাবে হলুদাভ তেল যা শহর-গ্রামে সবখানেই জনপ্রিয়। সরিষা দানা মসলা হিসেবেও ব্যবহূত হয়। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির জানান, আড়াইহাজার উপজেলার ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ৪ হাজার হেক্টর জমিতে এবার সরিষা আবাদের টার্গেট করেছে উপজেলা কৃষি অফিস। এ জন্য ১ হাজার কৃষককে কৃষি অফিস থেকে বিনামূল্যে সার, বীজ প্রদান  করা হয়েছে। সকলেরই আশা, এবারে আড়াইহাজারে সরিষার বাম্পার ফলন হবে, কৃষকের মুখে ফুটবে হাসি। উপরের ছবিটি গতকাল শুক্রবার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা চক থেকে তোলা    —মাসুম বিল্লাহ