সৌর বিদ্যুৎ থেকে মোবাইলফোনের সাইট পরিচালনার পাশাপাশি স্থানীয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিচ্ছে ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ খাবার পানিও সরবরাহ করা হচ্ছে।
রাজধানীর এক অভিজাত হোটেলে শনিবার আনুষ্ঠানিকভাবে এ সব তথ্য তুলে ধরে ইডটকো'র কর্মকর্তারা জানান, ২০১৬ সালে চালু হওয়া 'টাওয়ার টু পাওয়ার' প্রকল্পের আওতায় ইডটকো বাংলাদেশ নিঝুমদ্বীপ, শিবপুর, নাজিরপুর ও কুয়াকাটায় সৌরবিদ্যুৎ চালিত সাইট থেকে স্থানীয় জনগণকে বিদ্যুৎ সরবরাহ করছে। এছাড়া গতবছর থেকে নীলফামারীর জাদুর হাট গ্রামে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প স্থাপনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
ইডটকো ওই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১১০’টিরও বেশি পরিবার, বিদ্যালয় ও মসজিদে বিদ্যুৎ সরবরাহ করছে। ২০১৮ সালের মধ্যে এ সুবিধা ১ হাজারের বেশি পরিবারের কাছে পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ইডটকো বাংলাদেশ এশিয়ার প্রথম আঞ্চলিক সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান ইডটকো গ্রুপের একটি প্রতিষ্ঠান।
টেকসই ও স্থিতিশীলতার বিষয়টি মাথায় রেখে গ্রুপজুড়ে একটি সামগ্রিক সিএসআর কর্মসূচী গ্রহণ করেছে ইডটকো। স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা এবং গ্রুপের ব্যবসায়িক লক্ষ্যের সমন্বয়ে প্রাথমিকভাবে বিদ্যুৎভিত্তিক সেবা প্রধান করছে প্রতিষ্ঠানটি।
ইত্তেফাক/জামান