সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার নেত্রী সুলতানা কামালকে হেফাজতে ইসলামের হুমকি ও পাহাড়ি জনগোষ্ঠীর ওপর নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রবিবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অসাম্প্রদায়িক নাগরিক সমাজ-এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্বাগত বক্তব্যে গণজাগরণ মঞ্চের সংগঠক রনী বলেন, হেফাজতি অপতৎপরতার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যে আমরা মর্মাহত। এহেন মন্তব্যে প্রকারান্তরে হেফাজতকেই সমর্থন দেওয়া হয়েছে।
সমাবেশের প্রস্তাব পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মিথুন আহমেদ। প্রস্তাবে উল্লেখ করা হয়, হেফাজতে ইসলামের নামে যারা সুলতানা কামালকে ইটখোলায় পোড়ানো হবে এবং তার হাড়-মাংস এক জায়গায় থাকবে না বলে হুমকি দিয়েছে, তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের প্রত্যাশা করছে প্রবাসীরা।
মানবাধিকার নেত্রী সুলতানা কামালের সুরক্ষার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানাচ্ছে এই সমাবেশ। প্রস্তাবে পাহাড়ি জনগোষ্ঠীর সুরক্ষার জন্য ১৯৯৭ সালের শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়। সমাবেশে আরও বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শিতাংশু গুহ ও মুজাহিদ আনসারী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদ এবং সদস্য-সচিব রেজাউল বারী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট উবায়দুল্লাহ মামুন, সংস্কৃতি কর্মী গোপাল সান্যাল, তানভীর রাব্বানী, যুক্তরাষ্ট্র উদীচীর জীবন বিশ্বাস ও সাবিনা হাই উর্বি, শিবলী সাদিক ও পঙ্কজ দেবনাথ।
ইত্তেফাক/এমআই