পবিত্র রমজানে পণ্যের বাজারমূল্য স্বাভাবিক : বাণিজ্যমন্ত্রী

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্বাভাবিক রয়েছে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য চাহিদার চেয়ে অনেক বেশি মজুত রয়েছে। ছোলা, বুট, খেজুর, চিনি, লবনসহ সব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমরা ব্যবসায়ী, বড় বড় আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতাদের সাথে মিটিং করে বাজার স্বাভাকি রাখার চেষ্টা করেছি।
 
শুক্রবার সন্ধ্যায় ভোলায় সদর উপজেলা পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, এখন মুক্তবাজার অর্থনীতির সময়। কোন পণ্যের দাম যদি বিদেশে বাড়ে, বাংলাদেশেও এর প্রভাব পড়ে। বিদেশে যদি কমে, এখানেও কমে যায়। আমাদের টিসিবি’র রোজার মাসে ৭ থেকে ৮ কোটি টাকা ভুর্তকী দিয়ে খোলা ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করে। 
 
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি’র আমলে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা হতো। তাই তখন ব্যবসা-বাণিজ্য প্রসার পায়নি। আর আজকে আমাদের শিল্পে ৩০ শতাংশ বৃদ্ধি, সার্ভিস খাতে ৫৫ শতাংশ ও কৃষি খাতে ১৫ শতাংশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশের সব খাতই আজ সমৃদ্ধ। বাসস।
 
ইত্তেফাক/এমআই