যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা পরিচয় দেয়া জাহিদ প্রতারণার অভিযোগে গ্রেফতার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ বিষয়ক উপদেষ্টা হিসেবে পরিচয় দেয়া জাহিদ এফ সর্দার সাদী নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। গত ১৭ মে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল এফবিআই।
 
প্রায় ১০ বছর আগে ২০০৬-০৭ সালের দিকে ক্রেডিট কার্ড মেশিনে ব্যাংকের সঙ্গে অর্থ প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ রয়েছে জাহিদের বিরুদ্ধে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। গ্রেফতারের সময় জাহিদের পাসপোর্টও জব্দ করা হয়েছে। ফ্লোরিডা পুলিশের সরবরাহকৃত নথি থেকে জাহিদ সাদীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে সময় নিউজ টোয়েন্টিফোর নামে একটি অনলাইনের খবরে বলা হয়েছে। গ্রেফতারের পরপরই তাকে ফ্লোরিডার ওরলান্ডোর হাই-সিকিউরিটি ফেডারেল ডিটেনশন সেন্টারে নেয়া হয়।
 
ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাহিদ সাদী ফ্লোরিডার ওরলান্ডোতে অবস্থানকালে গ্যাস স্টেশনের ব্যবসা করতেন। সে সময়ে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড চেক মেশিনের সুবিধা নেন তিনি। এ সময়ে ৫৪টি প্রতারণামূলক ট্রানজেকশন করেন জাহিদ।
 
ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্ট মিডল ডিস্ট্রিক্ট অব ফ্লোরিডা কর্তৃক আনীত ইনডাইক্টমেন্টে অভিযোগ করা হয়েছে, জাহিদ সাদী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানকে দেউলিয়া এবং ক্ষতিগ্রস্ত করতে নানা চক্রান্ত করেছেন।
 
এদিকে কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক বছর আগে ছয়জন মার্কিন কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করারও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সর্বশেষ, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদির কথিত সাক্ষাতের কথা বলে আলোচনায় আসেন। তবে সাফাদি নিজে কিংবা জাহিদ ওই কথিত সাক্ষাতের পক্ষে কোনো তথ্য-প্রমাণ হাজির করতে পারেননি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘের ৭১তম অধিবেশনে ভাষণ দিতে যান, তখন জাতিসংঘের সদর দপ্তরের বাইরে প্রতিবাদ সমাবেশের অন্যতম আয়োজক ছিলেন জাহিদ সাদী।
 
ইত্তেফাক/এএম।