ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) এক মুখপাত্র ফিলিপাইন ও ইরানে হামলার প্রশংসা করেছেন। মঙ্গলবার এক অডিও বার্তায় তিনি এ প্রশংসা করেন। খবর এএফপি’র। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদিদের অ্যাকাউন্টে প্রচারিত ওই অডিও বার্তাটি ছিল রমজান মাসে বিশ্বব্যাপী চরমপন্থীদের লক্ষকরে হামলা চালানোর যে আহবান জানানো হয়েছে তারই অংশ।
আইএসের মুখপাত্র আব্দুল হাসান আল-মুহাজের বলেন, ‘আমরা মারাবি হামলার জন্য পূর্ব এশিয়ার খিলাফতের সন্তানদের অভিনন্দন জানাচ্ছি।’ গত মাসে ইসলামি জঙ্গিরা ফিলিপাইনের ওই নগরী দখল করে নিয়েছে এমন কথা উল্লেখ করে তিনি এসব কথা বলেন। সেখানে ফিলিপাইনের কয়েক হাজার সৈন্য জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। জঙ্গিরা সেখানে আইএসের পতাকা উড়িয়ে দুই হাজার স্থানীয় বাসিন্দাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।
উভয়পক্ষের লড়াইয়ে মোট ৫৮ সৈন্য ও পুলিশ এবং ২০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়। এই সহিংসতায় প্রায় ২শ’ জিহাদি প্রাণ হারায়।আইএসের এ মুখপাত্র অডিও বার্তাটিতে গত সপ্তাহে ইরানে চালানো হামলাকারীদেরও অভিনন্দন জানান।
তেহরানের পার্লামেন্ট কমপ্লেক্স ও বিপ্লবী নেতা আয়াতুল্লাহ্ রুহুল্লাহ্ খোমেনির মাজারে ৭ জুনের ওই হামলায় ১৭ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়। রমজান মাসে ইরাক ও সিরিয়ায় হামলা চালাতে মুহাজের ‘খিলাফতের সৈন্যদের’ প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, মিশর, ইয়েমেন, লিবিয়া, তিউনিশিয়া ও আলজেরিয়ায় হামলা চালানোরও আহ্বান জানিয়েছেন।বাসস।
ইত্তেফাক/রেজা